কাশ্মীরে কনসার্ট নিয়ে বিতর্ক
আগামী মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কনসার্ট করার কথা অর্কেস্ট্রা পরিচালক জুবিন মেহেতার। তবে এই কনসার্ট ভারত সরকারের দমননীতিকে সমর্থন করে, এই অজুহাতে কনসার্টটি বাতিলের দাবি জানিয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। এছাড়া কাশ্মীরের মানবাধিকার সংগঠন এবং স্থানীয় নেতারা একটি চিঠিতে জার্মানিকে এই কনসার্ট বাতিলের আহ্বান জানিয়ে লিখেছেন, ভারত সরকারের এই আয়োজনে তাদের সমর্থন নেই। তবে এখনও পর্যন্ত কাশ্মীরের রাজ্য সরকার এবং জার্মান দূতাবাস এই আহ্বানে সাড়া দেয়নি। —এএফপি
মেজিলান টেলিস্কোপ
চিলির আটাকামা মরুভূমিতে স্থাপিত মেজিলান টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশের এ যাবত্কালের সবচেয়ে স্পষ্ট ছবি তুললেন বিজ্ঞানীরা। এ ছবিটি নাসার ‘হাবল স্পেস টেলিস্কোপে’ তোলা ছবির চেয়েও দ্বিগুণ স্পষ্ট বলে জানিয়েছে মহাকাশ গবেষণা বিষয়ক সাইট স্পেস ডটকম। গবেষকরা জানিয়েছেন, চিলির আটাকামা মরুভূমির ২১ ফুট উচ্চতায় ম্যাজেলান টেলিস্কোপ ব্যবহার করে যে গবেষণা চালানো হয়, তাতে নাসার ‘হাবল স্পেস টেলিস্কোপের’ চেয়ে দ্বিগুণ স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। —রয়টার্স
জার্মানিতে অবহেলিত শিশু
জার্মানির শিশুকল্যাণ দপ্তর ২০১২ সালে ৪০ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্কদের তাদের অভিভাবকদের কাছ থেকে সরিয়ে নিয়েছে। যা কিনা একটা রেকর্ড। অর্থাত্ গত পাঁচ বছরে এই সংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ। পরিবারে শিশু-কিশোরদের বিপদ ঘটার সম্ভাবনা দেখলে ‘ইউগেন্ডআম্ট’ তাদের নিজের তত্ত্বাবধানে নিতে পারে। সাধারণত এটা সাময়িকভাবে করা হয় এবং পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে এলে শিশু-কিশোররা তাদের নিজেদের পরিবারে ফিরে যেতে পারে। —ডয়েচে ভেলে
