শ্বাদ্বিকালের মাদারীপুরের যৌনপল্লীতে মঙ্গলবারের হামলার ঘটনায় শতাধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে। হামলায় অন্তত ৪০ জন আহত হয়। ঘটনার পর থেকে সমগ্র পুরান শহর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে এছলাহে কওম পরিষদ সংবাদ সম্মেলন করে জানিয়েছে তাদের কোন সদস্য এই ঘটনার সাথে জড়িত নয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও যৌনকর্মী সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে মদ, জুয়া, নারীপাচার, মাদকাসক্তি, যৌনপল্লীসহ সকল প্রকার সামাজিক অবক্ষয় প্রতিরোধের দাবিতে মাদারীপুর এছলাহে কওম পরিষদের ব্যানারে একটি সংগঠন যৌনকর্মীদের পুনর্বাসন করে উচ্ছেদের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল। আগামী ৩১ আগস্ট অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। মঙ্গলবার অতর্কিতে স্থানীয়রাসহ উল্লেখযোগ্য সংখ্যক বহিরাগত পতিতাপল্লীতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ খবর পাওয়ার আগেই হামলাকারীরা শতাধিক ঘর ভাংচুর করে মালামাল, অর্থসম্পদ লুট করে নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে অন্তত ৪০ জন যৌনকর্মী আহত হয়। প্রাণভয়ে প্রায় ৩শ’ যৌনকর্মী তাদের শিশু সন্তানসহ ঘরবাড়ি ত্যাগ করে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় তাদের অসহায়ভাবে ঘোরা-ফেরা করতে দেখা যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের হলে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। যাদের যৌনপল্লীতে নিজস্ব ঘর-দরজা রয়েছে তাদের অনেকে গতকাল বুধবার নিজ গৃহে ফিরে গেছে। এদিকে ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় উত্তরণ সংঘে সংবাদ সম্মেলন করে এছলাহে কওম পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনটির কোন সদস্য এই ঘটনার সাথে জড়িত নয়।
