মাদারটেক কবরস্থান এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:২২
ঢাকার মাদারটেক ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এই এলাকায় তুলনামূলকভাবে বাড়িভাড়া কম হওয়াতে স্বল্প আয়ের বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরাই বেশি বসবাস করছেন। এলাকাটি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। ফলে চুরি ও ছিনতাইসহ নানা রকম অপরাধ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাদারটেক বাগানবাড়ি কবরস্থান এলাকাতেই এধরনের অপরাধ বেশি সংঘটিত হচ্ছে। কবরস্থান এলাকায় প্রকাশ্যেই রাস্তায় বসে মাদক সেবন করতে দেখা যায়। কেউ বাধা দিলে তার ওপর অত্যাচার করতেও কোনো রকম দ্বিধা করে না তারা। মান-সম্মানের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না। এসব চিহ্নিত মাদকসেবীদের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি এলাকাবাসীকেও তাদের ভয়ে সবসময় তটস্থ থাকতে হয়। এ ব্যাপারে আশু উদ্যোগ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুব হাসান, মাদারটেক, বাগানবাড়ি, ঢাকা ১২১৪