কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ করে কামলা হতে চাই না, আমি মালিক হতে চাই। শেখ হাসিনা ও খালেদার সাথে আমার কোন বিরোধ নাই। আমার বিরোধ হচ্ছে আদর্শের সঙ্গে। নৌকা ও ধানের শীষে ভোট দিয়ে জনগণের কোন উপকার হয় নাই। তিনি বলেন, এক সময় আমাদের দেশের নাম ছিল পাকিস্তান। এখন বাংলাদেশের নাম হয়েছে নারীর স্থান। বর্তমান সরকারের সব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে নারী আর নারী।
গতকাল বুধবার ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারের পলাশীহাটা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
