নারীর রূপে পুতিন

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২৩:০৪
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি চিত্রশালায় নারীর অন্তর্বাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের ছবি দেখা গেছে। ওই তেলচিত্র অঙ্কনকারীকে আটক করেছে পুলিশ। বিদ্রূপাত্মক এই চিত্রের মাধ্যমে অনির্ধারিত আইন ভাঙা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বিভাগ জানিয়েছে, অবৈধ প্রদর্শনী করা হচ্ছে এমন প্রতিবেদন পাওয়ার পর সোমবার সন্ধ্যায় ‘মিউজিয়াম অব পাওয়ার’ চিত্রশালা থেকে তেলচিত্রগুলো আটক করা হয়েছে। এর পাশাপাশি রুশ অর্থোডক্স চার্চ প্রধানের একটি ছবি এবং সমকামী প্রপাগান্ডা বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখা দুজন আইন প্রণেতাকে নিয়ে উপহাস করা দুটি ছবি সরিয়ে নেন তারা। প্রদর্শনী থেকে পুতিনের ছবিও সরিয়ে ফেলা হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে পুতিন আঁটশাট পোশাক পরে ব্রা-প্যান্টি পরিহিত প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের চুল আঁচড়ে দিচ্ছেন। ওই চিত্র প্রদর্শনীর বেশ কয়েকটি ছবি সমকামীদের অধিকারকে ইঙ্গিত করছে। রাশিয়ায় সমপ্রতি সমকামী বিরোধী একটি আইন পাস হয়েছে। সেন্ট পিটার্সবার্গে এই আইন বন্ধের প্রতিবাদ করা হয়। তবে এ বিষয়ে চিত্রশালার মালিক আলেকজান্ডার দোনস্কি অভিযোগ জানিয়ে বলেছেন, পুলিশ তার চিত্রশালা বন্ধ করে দিয়েছে এবং ‘লিডার’ শিরোনামের চিত্র প্রদর্শনীটি থেকে চিত্র নিয়ে যাওয়ারও কোনো ব্যাখ্যা দেয়নি।-রয়টার্স