ভারতে ১৪ মেয়েকে ৩ বছর ধরে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২০:৫৫
ভারতে নারী ফটো সাংবাদিককে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো সেখানে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার দেশটির অরুণাচল প্রদেশের এক বেসরকারি স্কুলের হোস্টেলের ওয়ার্ডেন চার থেকে ১৩ বছর বয়সী ১৪ জন মেয়েকে তিন বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে সেখানকার শিক্ষার্থীরা।— খবর এনডিটিভির। সূত্র জানায়, অরুণাচলের লিকাবালির পশ্চিম সিয়াং এলাকার ওই স্কুলটির হোস্টেল ওয়ার্ডেন তিন বছর ধরে ১৪ মেয়েকে ধর্ষণ করে। এ ব্যাপারে শিক্ষার্থীরা অধ্যক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেননি তিনি। এমনকি তাদের বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়। পুলিশের কাছে গেলে তাদের কড়া শাস্তি দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। পরে স্কুলটির কয়েকজন মেয়ে মঙ্গলবার পাঁচিল টপকে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপিন নামে ওই ওয়ার্ডেনকে আটক করে। বিপিন ওই স্কুলের একজন শিক্ষকও। পুলিশ ওই স্কুলের অধ্যক্ষ ও অন্য দুই শিক্ষককেও জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে গেছে। এদিকে এ ঘটনা জানার পর লিকাবালি এলাকার জনতা ও শিক্ষার্থীরা বুধবার ব্যাপক বিক্ষোভ করেছে। তারা স্কুলটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানায়।