বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সন্ধান এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতাল চলাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে ৩টি ট্রাক এবং সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা। নগরীর শিবগঞ্জ থেকে এক পিকেটারকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর ধোপাদিঘির পাড়ে ১টি ট্রাক ভাংচুর করে হরতাল সমর্থকরা। দুপুরের দিকে মিরাবাজার, শিবগঞ্জ এলাকায় আরো ২টি ট্রাক ভাংচুর করা হয়। উপশহর, শাহী ঈদগাহ, আম্বরখানা, সুবিদবাজার, দক্ষিণ সুরমা, তালতলা, মেন্দিবাগ, মদীনা মার্কেটসহ ১৫টি পয়েন্টে পিকেটিং করে হরতালকারীরা।
এদিকে সকাল থেকে বৃষ্টি ভেজা হরতালে নগরীতে রিকশাও খুব কম চলাচল করে। সকালের দিকে নগরী অনেকটা ফাঁকা ছিল। তবে বৃষ্টি কমলে দুপুরের পর বেশ কিছু রিকশা ও অটো রিকশা চলাচল করেছে। দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি বা নগরীতে প্রবেশও করেনি। তবে ট্রেন চলাচল করেছে।
সিলেট স্বেচ্ছাসেবক দল, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের ডাকা হরতালে সিলেট জেলার অন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
