এমপি রনির অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২৩:১৮
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি গোলাম মাওলা রনির ভরাট করা গলাচিপা শহর সংলগ্ন রামনাবাদ নদী তীরের সকল অবৈধ স্থাপনা আগামী সোমবারের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গলাচিপা উপজেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছে। গোলাম মাওলা রনি এমপির নির্দেশে তার অনুসারীরা ২০০৯ সালের আগস্ট মাসে গলাচিপা শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত রামনাবাদ নদীর তীরের প্রায় সাড়ে সাত একর জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণের জন্য বালু ভরাট কাজ শুরু করে। নদী তীরের ঐ এলাকা বালু ভরাট করায় নদীর স্বাভাবিক স্রোতধারা ও গতিপথ পরিবর্তন হওয়ায় হুমকির সম্মুখীন হয়ে পড়ে রামনাবাদ নদী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১০ সালের ৪ মে হাইকোর্টে একটি রিট মামলা করলে আদালত রুল জারি করেন। আদালত ২০১১ সালের ৯ জুন নদী ভরাট ও স্থাপনা নির্মাণ অবৈধ ঘোষণা করে ৬০ দিনের মধ্যে সকল স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে তা অপসারণ করা হয়নি। গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম ইত্তেফাককে জানান, রামনাবাদ নদী তীর ভরাট করে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও সেখানে রাখা ইট-বালুসহ সকল মালামাল আগামী সোমবারের মধ্যে অপসারণের মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। তবে ঐ সময়ের মধ্যে অবৈধ স্থাপনা ও মালামাল অপসারণ করা না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।