২১ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ৩ দিনের আইন ও সালিশ বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সংস্থা ’নাগরিক উদ্যোগ’ এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল স্ট্যাম্প (পিএলসি), ব্রিটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিআইডিআর) এর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্পের লক্ষ্য স্থানীয় পর্যায়ে আইনগত সেবার মাধ্যমে দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধির মাধ্যমে মানবাধিকার ও আইনী অধিকার চর্চার সংস্কৃতি গড়ে তোলা। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন নাগরিক উদ্যোগের সহকারী কর্মসূচি কর্মকর্তা (প্রশিক্ষক) আফরুল বেগম, সহকারী উপজেলা কো-অর্ডিনেটর নরোত্তম রায়, কমিউনিটি মবিলাইজার বিপ্লব মন্ডল।
