মিসরের প্রভাবশালী ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মোহাম্মদ আল বেলতাগিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির (এফজেপি) সাধারণ সম্পাদক। এছাড়া দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির শ্রমমন্ত্রী খালেদ আল আজহারিকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কায়রোর শহরতলির একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে মিসরীয় কর্মকর্তারা জানিয়েছেন।
গত ১০ জুলাই বেলতাগিকে গ্রেফতারের আদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, বেলতাগির বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মুসলিম ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে মিসর সেনাবাহিনীর চালানো ধরপাকড়ের ধারাবাহিকতায় বেলতাগি ও আজহারিকে গ্রেফতার করা হল। গ্রেফতার আদেশ জারির পরও বেলতাগি প্রায় প্রতিদিনই মুরসির ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে কায়রোর রাব্বা আল আদাবিয়া মসজিদ প্রাঙ্গণের লাগাতার প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকতেন। সমাবেশে সাবেক এই পার্লামেন্ট সদস্যকে প্রায়ই জ্বালাময়ী বক্তৃতা দিতে দেখা যেত। ব্রাদারহুড সদস্যদের সহিংস আচরণের জন্য মিসরের গণমাধ্যমে ব্রাদারহুডের যে সমালোচনা করা হচ্ছিল তাতে এসব সহিংসতার জন্য বেলতাগিকেই দায়ী করা হচ্ছিল।
