শিশুদের চোখে এসএম সুলতান চিত্র প্রদর্শনী

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:১১
ধানমণ্ডির ঢাকা আর্ট সেন্টারে শুক্রবার শুরু হয়েছে ‘তোমার চোখে শিল্পী এসএম সুলতান’ শীর্ষক শিশু চিত্র প্রদর্শনী। শিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এই প্রদর্শনী আয়োজন করে চারুপুথি। শরতের সন্ধ্যায় এক ঝাঁক শিশু-কিশোর কলকাকলি মুখর পরিবেশে তিনদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সুলতান বিশারদ ও কথাশিল্পী হাসনাত আবদুুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ, এসএম সুলতানের মেয়ে নেহার বালা শাহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুসুলভ মনের অধিকারী ছিলেন এসএম সুলতান, শিশুদের সান্নিধ্য ছিল তার পরম আরাধ্য ও কাঙ্ক্ষিত। তিনি তাদের মধ্যে থেকে নির্মল আনন্দ পেয়েছেন এবং তাদেরকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করেছেন। প্রায় শতাধিক শিশুর আঁকা চিত্র দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। শিশুদের রং-তুলির আঁচড়ে ফুটে ওঠেছে গ্রামীণ জীবন। শিশুদের আঁকা এসব ছবি রবিবার পর্যন্ত দেখা যাবে আর্ট সেন্টার গ্যালারির দুইটি কক্ষে। গ্যালারি দুপুর ১২ টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।