ঢাকা ওয়াসাকে সহযোগিতার আশ্বাস ইউনিসেফের

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:১৩
ঢাকা ওয়াসা, পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি), দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ইউনিসেফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ‘লিগ্যাল ওয়াটার কানেকশন্স টু করাইল স্ল্যাম; শেয়ারিং এক্সপেরিয়েন্স এন্ড হোয়াট নেক্সট!’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি এন্ড সি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন এলজিআরডি এন্ড সি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, ইউনিসেফ-এর ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেকশনের প্রধান চার্লি সার্গসিয়েন এবং ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতউল্লাহ। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বস্তিবাসীদের বৈধ পানি সংযোগের আওতায় আনার ক্ষেত্রে বিদেশি সংস্থা বিশেষ করে ইউনিসেফ এবং এক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক প্রথম উদ্যোগ নেয়ায় তাদেরকে অভিনন্দন জানান। এছাড়া বৈধভাবে এবং নিরাপদ পানি পাবার অধিকার বস্তিবাসীসহ সকল নাগরিকের মৌলিক অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। আবু আলম মো. শহীদ খান বলেন, বর্তমানে ঢাকা ওয়াসা রাজধানীর পানির চাহিদা পূরণ ও রাজস্ব আয় বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতুল্লাহ এবং ইউনিসেফ-এর ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেকশনের প্রধান চার্লি সার্গসিয়েন। সার্গসিয়েন ইউনিসেফ-এর সহায়তায় রাজধানীর বস্তির জনগণের জন্য ঢাকা ওয়াসার পানি সরবরাহ কার্যক্রমের প্রশংসা করেন এবং ঢাকা ওয়াসার ভবিষ্যত্ কর্মসূচিতেও সহযোগিতার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, বর্তমান সরকারের আমলে বর্তমান ওয়াসা প্রশাসনই প্রথমবারের মতো নগরীর পানির চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উত্পাদন ক্ষমতা অর্জন করেছে। রাজস্ব আয় বৃদ্ধি, সিস্টেম লস হ্রাস, পরিচালন ব্যয় হ্রাস এবং ধারাবাহিক বৃদ্ধিপ্রাপ্ত প্রবৃদ্ধি অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ওয়াসা সাফল্যের পরিচয় দিচ্ছে। এছাড়াও তিনি ঢাকার বস্তি এলাকার নিম্নআয়ের লোকজনের জন্য পানি সরবরাহে ঢাকা ওয়াসার সাম্প্রতিক কার্যক্রমের উল্লেখ করেন।