আজ ৩১ আগস্ট। শ্রীরামসি গণহত্যা দিবস। আজকের এই দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসিতে পাক হানাদার বাহিনী ১২৪ জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার এতো বছর পেরিয়ে গেলেও শ্রীরামসি বধ্যভূমি সংরক্ষণের কোন উদ্যোগ নেয়নি কোন সরকার। ফলে বধ্যভূমিটি অস্তিত্ব বিলীন হওয়ার পথে।
১৯৭১ সালের ৩১ আগস্ট সকাল ১০টায় কয়েকটি নৌকাযোগে পাক সেনারা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি বাজারে এসে স্থানীয় রাজাকারদের এলাকার মানুষদের বিদ্যালয়ে উপস্থিত করার জন্য নির্দেশ দেয়। পাকবাহিনীর নির্দেশে দেশীয় রাজাকাররা এলাকার সচেতন, শিক্ষিত, অশিক্ষিত যুবকদের ডেকে শ্রীরামসি উচ্চ বিদ্যালয়ের একটি রুমে জড়ো করে। রুমে নিয়ে সবাইকে পেছনের হাত বেঁধে ফেলা হয়। পরে তাদের বেঁধে রুমের বাইরে নিয়ে একসঙ্গে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে হত্যা করে।
পাক হানাদারদের নিষ্ঠুর এই হত্যাকাণ্ডে শহীদ হন ১২৪জন বিভিন্ন বয়সের ও পেশার লোক। এদের মধ্যে উল্লে¬খযোগ্য হচ্ছেন, শিক্ষক, তহশিলদার, পোস্ট মাস্টার, ডাক পিয়ন, ইউপি সদস্য, ছাত্র যুবক, বৃদ্ধ, প্রবাসী ও বিভিন্ন শ্রেণির মানুষ।
