অপহরণের দু’দিনের মাথায় বান্দরবানে অপহূত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা ইউনিয়নের পাইনছড়া পাহাড়ের অরণ্যে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে সেনাবাহিনী-পুলিশের যৌথ টিম। উদ্ধারকৃতরা হলেন— লিটন হোসেন (২২) এবং মোহাম্মদ আমিন (২০)। এদের দু’জনের বাড়ি পাবনা জেলায়। পুলিশের সদর সার্কেল এএসপি শিবলী কায়ছার জানান, অপহরণের পরই রাতে অপহূত দুই ব্যবসায়ীকে উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। গোপন সূত্রের মাধ্যমে ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে পাহাড়ের অরণ্য থেকে ব্যবসায়ীদের উদ্ধার করা হয়েছে। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। অপহূত ব্যবসায়ীরা ফেরি করে চকলেটসহ খেলনাসামগ্রী বিক্রি করতে কোলাক্ষ্যং বমঘাটায় গেলে তাদের দু’জনকে অপহরণ করে সন্ত্রাসীরা।
