ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কক্ষ থেকে তালা ভেঙে শিক্ষিকাকে উদ্ধারের ঘটনায় ওই শিক্ষক-শিক্ষিকাকে নির্দোষ পেয়েছে তদন্ত কমিটি। এই কারণে তাদের অব্যাহতি থেকে মুক্তিও দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এই সিদ্ধান্ত হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। একজন সিন্ডিকেট সদস্য ইত্তেফাককে বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তদন্ত কমিটি কোনো দোষ পায়নি। ফলে তাদের অব্যাহতি থেকে মুক্তি দেয়া হয়েছে।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৩০৪৯ নম্বর কক্ষের তালা ভেঙে
অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের এক শিক্ষিকাকে প্রক্টরিয়াল বডির সাহায্যে উদ্ধার করা হয়। আর ওই কক্ষটি ছিল মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের। এর আগেও একই কক্ষে এই দুইজনকে পাওয়ায় তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে অভিযোগ তোলেন শিক্ষকের স্ত্রী।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক নাসরীন আহমাদ ইত্তেফাককে বলেন, আমরা এটা অনেক দিন ধরে দেখেছি, কথা বলেছি। অকারণে একটি ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করা হয়েছে। পারিবারিক একটা ঘটনার সঙ্গে বিভাগ যুক্ত হয়েছে।
