নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার শীতলক্ষ্যা নদীতে নৌ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। নদীর পূর্বপাড়ে বন্দর খেয়াঘাটে অভিনব এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রসঙ্গত, ত্বকী হত্যাকাণ্ডের ৬ মাস পূর্ণ হয় গতকাল।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক জোটের সভাপতি নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে নৌ-মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, ত্বকী মঞ্চের সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক মনি সুপান্থ, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ জেলা শাখার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য দুলাল সাহা প্রমুখ।
নৌ-মানববন্ধনে অংশ নিয়ে মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, ‘নারায়ণগঞ্জবাসী ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেগে উঠেছে। ২০১১ সালের ৩০ অক্টোবর (সিটি নির্বাচনের দিন) সারা নারায়ণগঞ্জবাসী জেগে উঠেছিল। আমার বিশ্বাস, আরেকবার নারায়ণগঞ্জবাসী জেগে উঠবে।’
রফিউর রাব্বি বলেন, শীতলক্ষ্যা নদীতে ত্বকী, নাট্যকার চঞ্চল, আশিক ও ভুলুসহ অসংখ্য মানুষের লাশ ফেলা হয়েছে। আর কোন লাশের গন্ধে নদীর পানিকে ফের কলুষিত হতে দেয়া হবে না।
প্রসঙ্গত, গত ৬ মার্চ নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ৬ জনকে অভিযুক্ত করে জেলা পুলিশ সুপারকে অবগতি পত্র দেন তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ইউসুফ হোসেন লিটন ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
