রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা মনসুর রহমানকে (৫০) হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর নবগঙ্গা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
মহানগর ডিবির ওসি আলমগীর হোসেন জানান, কাউন্সিলর মনসুর রহমান নিজ এলাকার আওয়ামী লীগ নেতা রজব আলীর সহোদর আইনজীবী শাহীন আলম ওরফে শাহেন শাহ্ হত্যা মামলার এবং তার চেম্বারে হামলা, ভাংচুর ও লুটপাটের মামলার এজাহার নামীয় আসামি। উভয় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি জানান, মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে নগরীর রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকায় মনসুর রহমানের ভাতিজা আবদুল মোমেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয় আওয়ামী লীগ নেতা রজব আলীর চেম্বারে হামলা ও ভাংচুর চালায়। উভয়পক্ষে সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়। আহতদের মধ্যে রবিউল ও নিজাম নামের দুইজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অন্যদিকে উক্ত সংঘর্ষের জেরে বুধবার দুপুরে আবদুল মোমেনের নেতৃত্বে আবারো হামলার শিকার হন রজব আলীর সহোদর অ্যাডভোকেট শাহীন আলম ওরফে শাহেন শাহ্। সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের আঘাতে শাহেন শাহকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে রামেক হাসপাতালে নেয়ার পর সময় শাহেন শাহের মৃত্যু হয়। ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামের একজনকে পুলিশ ইতিপূর্বে আটক করে। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় দায়েরকৃত হত্যা মামলায় কাউন্সিলর মনসুর রহমানকে এজাহার নামীয় আসামি করা হয়েছে।
