নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সভায় হট্টগোল

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৫
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরব হয়ে উঠেছে। স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবর্ধনা কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতিসভা ডাকা হয়। তবে বিশৃঙ্খলার কারণে সিদ্ধান্ত ছাড়াই ঐ সভা শেষ হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশ নেতাদের দাবি, সভায় বিশৃঙ্খলা হয়েছে। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দাবি করেন, সভাটি আনুষ্ঠানিকভাবেই শেষ হয়েছে। খুব শিগগির সংবর্ধনা কমিটিও ঘোষণা করা হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক পৌঁছবেন। ২৭ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ২৮ সেপ্টেম্বর বিকালে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের অভিজাত হোটেলে সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রতিবছরের মত এবারো প্রধানমন্ত্রীর সংবর্ধনা কমিটি গঠনকল্পে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বুধবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ঐ প্রস্তুতি সভা আহ্বান করা হয়। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বস্তরের নেতাকর্মী সংবর্ধনা সফল করতে বিভিন্ন প্রস্তাবনা দেন। জানা গেছে, সংবর্ধনা কমিটি গঠন নিয়ে গত কয়েকদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নানা প্রস্তাব আসছে। একটি অংশ বর্তমান সহ-সভাপতি নজমুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী করার জন্য তদবির চালাচ্ছেন। অন্যদিকে অন্য একটি অংশ বর্তমান যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীকে বরাবরের মত প্রধান সমন্বয়কারী করার পক্ষে মত দেন। এসব বিষয় ফয়সালা করতেই বুধবার প্রস্তুতি সভা ডাকা হয়।