সাভারে একটি বহুতল বাণিজ্যিক ভবনের পোশাক কারখানায় গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পোশাক কারখানার অধিকাংশ মালামাল পুড়ে গেছে। সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের ৩য় তলার নিপুণ গার্মেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌরঙ্গী সুপার মার্কেটের ৩য় তলায় গতকাল সকাল ৮টার দিকে আগুন দেখা দেয়। মূহূর্তের মধ্যে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এদিন মার্কেটসহ গার্মেন্ট কারখানা বন্ধ থাকায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া জানা যায়নি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে সাভার ফায়ার স্টেশনের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেছে।
