কপালে মৃত্যু থাকলে নানা কারণে হতে পারে। কারণ সৃষ্টিকর্তা কারো মৃত্যুর দায় বহন করেন না। আর যুক্তরাষ্ট্রের এক নাগরিক তার স্ত্রীর মৃত্যুর জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড ওয়ালমার্টকে দায়ী করেছেন। কারণ এই প্রতিষ্ঠানটির দেয়া শপিংব্যাগ ছিড়ে ধাতব পাত্রের আঘাতেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে!
উইলিয়াম ফ্রেইজ তার স্ত্রীর মৃত্যুর জন্য ওয়ালমার্টকে দায়ী করে আদালতে মামলা করেছেন এবং সাড়ে ছয় লাখ মার্কিন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার নথিপত্রে ফ্রেইজ উল্লেখ করেছেন, ২০১০ সালে বেলভ্যুতে ওয়ালমার্ট সুপারসেন্টারে তিনি তার স্ত্রী লিনেত্তাকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন। শপিং শেষে দোকানের এক কর্মচারী তাদের একটি মাত্র প্লাস্টিক ব্যাগ দেয়। জিনিসপত্রে ওই ব্যাগ কানায় কানায় পূর্ণ হয়। এতে বিয়াল্লিশ আউন্স ওজনের একটি ধাতব পাত্র এবং দুই পাউন্ড চাল ছিল। পথিমধ্যে ওই ব্যাগ ছিড়ে যায় এবং ধাবত পাত্র পড়ে গিয়ে লিনেত্তার ডান পায়ে লাগে। এতে তার পায়ের বুড়ো আঙ্গুল ভেঙ্গে যায় এবং বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়। ফ্রেইজের আইনজীবী গেগ কব জানিয়েছেন, এই ক্ষত থেকে সংক্রামক রোগ সৃষ্টি হয়। তার পুরো শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে। উন্নত চিকিত্সা করলেও কোনো ফল হয়নি। অবশেষে ২০১১ সালের ২২ মার্চ লিনেত্তার মৃত্যু ঘটে! গত সপ্তাহে মামলাটি ওমাহার ডিস্ট্রিক্ট কোর্টে স্থানান্তর করা হয়। মামলায় আরো অভিযোগ করা হয়, ওয়ালমার্ট তার কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ দেয়নি! -ইউপিআই
