‘দেশে প্রতিবন্ধিতার অন্যতম কারণ দারিদ্র্য’

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪১
মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মেজর অব. রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষের প্রতিবন্ধিতার অন্যতম প্রধান কারণ দারিদ্র্য। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী এদেশের মোট প্রতিবন্ধী জনগোষ্ঠীর ৮০ শতাংশ দরিদ্র এবং এদের মধ্যে ১৭ শতাংশই হতদরিদ্র। জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের ছবি ও তথ্য সম্বলিত একটি অনলাইন ডাটাবেইজ ওয়েবপোর্টাল উদ্বোধন করা হয়। সভায় প্রতিবন্ধী জনগণনার মাধ্যমে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণের দাবি জানানো হয় যাতে যথেষ্ট বাজেট বরাদ্দের মাধ্যমে তাদের মূলধারার উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্? কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তিবর্গ বিষয়ক জাতিসংঘ কমিটির সাবেক সদস্য মনসুর আহমেদ চৌধুরী, ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য, অ্যাকশন এইড বাংলাদেশের প্রোগ্রাম, পলিসি অ্যান্ড ক্যাম্পেইনের পরিচালক আসগর আলী সাবরি প্রমুখ।