নরসিংদীতে আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবি

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪৪
নরসিংদী রেল স্টেশনে মহানগরসহ সকল আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবিতে নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ‘আমরা নরসিংদীবাসী’ সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাংবাদিক জয়নাল আবেদীন, অধ্যাপক মোয়াজ্জেম আহমেদ ও মানববন্ধন কর্মসূচির আহবায়কসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। নরসিংদী জেলার ৩টি উপজেলার উপর দিয়ে যাওয়া রেলপথে রয়েছে ১০টি রেল স্টেশন। শিল্পসমৃদ্ধ ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ নরসিংদী জেলা সদরে রয়েছে নরসিংদী রেল স্টেশন। পাকিস্তান আমল থেকে এ স্টেশনটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনসমূহ স্টপেজ দিয়ে আসছিল। নরসিংদী থেকে মদনগঞ্জের আলাদা রেল লাইনের সংযোগ ছিল বিধায় এটা ছিল একটা জংশন স্টেশন। কিন্তু ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হলে রেলের গুরুত্ব আরও বেড়ে যায়। নরসিংদীর সাথে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, বি-বাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভৈরব, লাকসামসহ বিভিন্ন ব্যবসা কেন্দ্রের যোগাযোগ দিনদিন বৃদ্ধি পায়। কিন্তু রেলের অদক্ষ ব্যবস্থাপনার কারণে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর স্টপেজ এখানে রাখা হয়নি। ফলে ্এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লোকজনসহ অসংখ্য রেলযাত্রীর চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গত শুক্রবার নরসিংদী প্রেসক্লাবে আমরা নরসিংদীবাসী সংগঠনটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ রবিবার নরসিংদী রেল স্টেশনে ২২টি সংগঠন নিয়ে মানববন্ধন কর্মসূচি, সভা-সমাবেশ।