গত বছর দিল্লিতে বাসে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় এক কিশোরকে ভারতের আদালত তিন বছরের সাজা দিয়েছে। ঘটনার সময় ১৭ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনা হয়েছিল। আদালত তাকে দুটি অপরাধেই দোষী সাব্যস্ত করেছে। খবর বিবিসির।
১৮ বছরের কম বয়সী হওয়ায় ভারতীয় আইন অনুযায়ী এই তরুণের নাম প্রকাশ করা হয়নি। ভারতীয় আইনে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এরকম অপরাধের সর্বোচ্চ সাজা মাত্র তিন বছরের কারাদন্ড। একটি অপরাধ সংশোধন কেন্দ্রে বসে তাকে এই সাজা ভোগ করতে হবে। তবে আদালতের রায়ে ঘটনার শিকার তরুণীর মা খুবই ক্ষুব্ধ হন। তাকে কাঁদতে কাঁদতে আদালত কক্ষ ত্যাগ করতে দেখা যায়। মামলায় অপর যে চার ব্যক্তির বিচার চলছে, দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে ২৩ বছর বয়সী তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনা ভারত জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। গুরুতর আহত অবস্থায় এই তরুণীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিত্সার জন্য। সেখানকার একটি হাসপাতালে ২৯শে ডিসেম্বর তার মৃত্যু হয়।
