যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের উপর যে দোষ চাপাচ্ছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেছেন, অনুমান নির্ভর মন্তব্য না করে তাদের পক্ষে যদি সম্ভব হয় তবে অকাট্য প্রমাণ নিয়ে আসতে। তিনি প্রশ্ন রেখেছেনে, সিরিয়া সরকার কি নির্বোধের মতো এমন কোনো কাজ করবে যাতে তার শত্রুরা হামলার সুযোগ খুঁজে পায়?
গতকাল শনিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভলাদিভোস্টোকে পুতিন সাংবাদিকদের একথা বলেন। হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করা পরিহাস বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়ায় সামরিক অভিযান চালানোর আগে শান্তিতে নোবেল বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযান পরবর্তী সিরিয়ার পরিস্থিতি একটু বিবেচনা করুন। প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুতিন আরো বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সামরিক হস্তক্ষেপ দাবি করে আসছে তাদের ট্রাম্প কার্ড দেয়া পুরোপুরি নির্বুদ্ধিতা। তাই আমি নিশ্চিত, যারা অন্য দেশকে সিরীয় সংকটে জড়াতে চায় এটা তাদেরই উস্কানি ছাড়া আর কিছু নয়।’
সিরিয়ার সরকারের বিরুদ্ধে হামলা চালানোর কোনো প্রমাণ থাকলে তা জাতিসংঘে উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে পুতিন বলেন, ‘কোনো প্রমাণ থাকলে তা দেখানো উচিত। যদি তা দেখানো না হয় তাহলে বুঝতে হবে তাদের কাছে আসলেই কোনো প্রমাণ নেই।’ ব্রিটিশ পার্লামেন্টে যে হামলার প্রস্তাব বাতিল হয়ে গেছে সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করেন পুতিন বলেন, ‘এটা আমার কাছে একেবারেই প্রত্যাশিত ছিল না। এটা প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ব্রিটেনেও অনেক মানুষ আছে যারা জাতীয় স্বার্থ ও কান্ডজ্ঞান দ্বারা পরিচালিত হন এবং অন্যদের সার্বভৌমত্বকে সম্মান করেন।’
উল্লেখ্য, শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে রাসায়নিক অস্ত্র হামলায় ১৪২৯ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়। তারপর বারাক ওবামা বলেন, বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ‘সীমিত’ আকারে সামরিক অভিযান চালানোর প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা করছেন তারা। একটি সূত্র জানিয়েছে, দু’একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা শুরু করতে পারে। ইতিমধ্যে আরো একটি মার্কিন যুদ্ধজাহাজ সিরিয়া অভিমুখে যাত্রা করেছে।
এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের নিকট সংঘটিত বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলার নমুনা সংগ্রহের কাজ শেষ করেছে জাতিসংঘের তদন্তকারী দল। তারা বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে শনিবার সিরিয়া ছেড়েছে। একথা জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি। তিনি বলেছেন, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য বিশেষায়িত পরীক্ষাগারে নেয়া হবে, সেখানে এগুলো দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা হবে। নমুনা পরীক্ষায় ঠিক কতোদিন লাগতে পারে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
