বাঞ্ছারামপুরে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী গ্রামে মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুলে গতকাল রবিবার বাঞ্ছারামপুর কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দুধ মিয়াকে সভাপতি ও প্রফেসার মোঃ চান মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কুলাউড়ায় ভূমিহীনদের মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনছড়ায় ভূমি অধিকার প্রতিষ্ঠা ও উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে স্থানীয় ভূমিহীনরা। শনিবার মনছড়া গ্রামের মসজিদ প্রাঙ্গণে ‘মনছড়া বস্তি গ্রাম উন্নয়ন ও রক্ষা কমিটি’র ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অর্ধসহস াধিক ভূমিহীন অংশ নেয়।
ধামরাইয়ে মতবিনিময় সভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই থানার নবাগত ওসি মোঃ আব্দুর রশিদ ধামরাইয়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন শনিবার সন্ধ্যায় তার কার্যালয়ে। মোঃ ইমাম হোসেন ওসি (তদন্ত) এসময় উপস্থিত ছিলেন। ওসি রশিদ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রেখে এলাকার জনগণের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ছাতকে খুনীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র আল-আমিন দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার প্রতিবাদে কলেজের ছাত্র-শিক্ষকের উদ্যোগে শনিবার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রায় আধঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ কামাল সূফির পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া।
সিংড়ায় হাজী সমাবেশ
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় শনিবার আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি আলহাজ্ব আবু জাহেদ মোল্লা জুড়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া পৌর মেয়র অধ্যাপক শামীম আল রাজি, উপজেলা মিজানুর রহমান মিজান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
সাতক্ষীরায় শহীদ আজমল-টুটুল স্মরণে আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি \ ‘বিপ্লবীর মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারি’— এই শ্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধে শহীদ আজমল হক ও নজির হোসেন খান চৌধুরি টুটুল স্মরণ সভা ও আবৃত্তি অনুষ্ঠান।
ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, সাতক্ষীরার ৩০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
মনোহরগঞ্জে নতুন স্কুল ভবন উদ্বোধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ শনিবার কুমিল্লা মনোহরগঞ্জে ৩টি নতুন বিদ্যালয় ভবন, ১টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন ও ১টি মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। উপজেলার লক্ষণপুর মাদ্রাসায় মরহুম মাস্টার আব্দুল মতিন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি নাথেরপেটুয়া ইউনিয়নের বাতাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাচৌ কমিউনিটি ক্লিনিক, নারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
চুয়াডাঙ্গা দর্শনায় পোলট্রি বিষয়ক কর্মশালা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ পোলট্রি শিল্পের সমস্যা দূরীকরণে পোলট্রি ব্যবসায়ী ও খামারিদের নিয়ে চুয়াডাঙ্গার দর্শনায় পোলট্রি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেরু চিনিকলের ট্রেনিং কমপ্লেক্সে কর্মশালা শুরু হয়ে দু’টা পর্যন্ত চলে। এভোন এনিম্যাল হেলথ্ এ কর্মশালার আয়োজন করে।
বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের ভবন নির্মাণ উদ্বোধন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় আওয়ামী লীগের নিজস্ব ঠিকানা হচ্ছে। শনিবার শহরের ফেরিঘাট এলাকায় দলীয় নেতা-কর্মীদের দীর্ঘ প্রত্যাশিত আওয়ামী লীগ কার্যালয় ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি। পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।
ডিমলায় সংবাদ সম্মেলন
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় শনিবার প্রেসক্লাবে প্রাথমিক বিদ্যালয়ের ডিআরভুক্ত ও অধিগ্রহণের জন্য সাংবাদিক সম্মেলন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। পশ্চিম খড়িবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালেকা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভবানী চন্দ্র রায়।
পার্বতীপুর ইউনিয়ন যুবদলের সম্মেলন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পার্বতীপুর সোনাবর আদর্শ মহাবিদ্যালয়ে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সৈয়ব আলীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সফিকুল বিশ্বাসকে সভাপতি ও মোসাদ্দেক আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে।
জীবননগরে শিক্ষা বিষয়ক মতবিনিময়
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এসএম রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক মো. আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।
ইসলামপুরে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ
জামালপুর প্রতিনিধি \ ইসলামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে শনিবার ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ বাদশা গুরুতর আহত হয়েছে। ইসলামপুর থানামোড় বটতলা চত্বরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ বাদশার সাথে পৌর ছাত্রদলের সভাপতি নাজিম হোসেন নোমানের প্রথমে বাক-বিতণ্ডা হয়। পরে দু’গ্রুপের মাঝে সংঘর্ষ বাধে।
শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহন সড়ক উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মতিন মোহনের স্মরণে এলজিইডি কর্তৃক ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শাহজাদপুর উপজেলার পোতাজিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহন সড়ক উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক এমপি শনিবার এ সড়কের উদ্বোধন করেন।
নরসিংদী গণ-গ্রন্থাগারের মতবিনিময় সভা
নরসিংদী প্রতিনিধি \ নরসিংদী জেলা সরকারি গণ-গ্রন্থাগারের পাঠক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পাঠকবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গ্রন্থাগারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণ-গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুর হোসেন তালুকদার। নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ সুরাইয়া বেগম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যাপিকা নুরজাহান বেগম।
লৌহজংয়ে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শনিবার লৌহজং কলেজ মিলনায়তনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত্ বার্ষিকীর আলোচনা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ লৌহজং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন।
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন
জামালপুর প্রতিনিধি \ জেলার ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। ওই কমিটি গঠনে প্রয়োজনীয় ১১ সদস্যের মধ্যে জমিদাতা, শিক্ষানুরাগী পুরুষ, মহিলা, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকসহ ৭ জন উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত হয়েছে। বাকি ৪ জনের মধ্যে পুরুষ অভিভাবক ২ জন এবং মহিলা অভিভাবক ২ জনসহ সর্বমোট ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
