দর্জি দোকানি বিশ্বজিত্ দাস হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে মামলাটিতে ২১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
সাক্ষীরা হলেন, এ মামলার ৩ আসামির দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট মো. এরফানউল্লাহ ও বিশ্বজিতের প্রতিবেশী সমর কুমার দাস। রবিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। একই সঙ্গে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সাক্ষ্য গ্রহণকালে কারাগারে থাকা ৮ আসামিকে আদালতে হাজির করা হয়।
গত ২ জুন ঢাকার মহানগর দায়রা জজ কারাগারে থাকা ৮ জন ও পলাতক অপর ১৩ আসামিসহ মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে এখন পর্যন্ত পলাতক কোন আসামি গ্রেপ্তার হয়নি।
এ মামলার অভিযোগপত্রভুক্ত ১৩ আসামি এখনও পলাতক রয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে নির্মমভাবে খুন হন বিশ্বজিত্ দাস।
