না’গঞ্জে ফুজি নিটওয়্যারের শ্রমিকরা ঘেরাও করলো শ্রম দপ্তরের কার্যালয়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
নারায়ণগঞ্জ শহরের ফুজি নীটওয়্যার-এর শ্রমিকরা গতকাল রবিবার ষষ্ঠ দিনের মতো তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখে। গতকাল দুপুর থেকে শহরের চাষাঢ়ায় অবস্থিত শ্রম দপ্তরের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। এর আগে সকালে তারা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। পরে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফুজি নীটওয়্যার গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ মাহমুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।