বরগুনা-২ উপ-নির্বাচন

আজ গণভবনে প্রার্থীদের সাক্ষাত্কার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২০
দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের প্রার্থীদের সাক্ষাত্কার আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাস ভবন গণভবনে অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন কমপক্ষে ১২ জন। গোলাম সবুর টুলু ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পাঁচ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই সাত সেপ্টেম্বর, প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ তিন অক্টোবর। আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন সেদিকে তাকিয়ে রয়েছে বেতাগী, বামনা ও পাথরঘাটাবাসী। এদিকে এ আসনে নির্বাচন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু প্রার্থী হচ্ছেন। এলাকার ভোটাররা মনে করছেন নির্বাচনে হিরু শক্ত প্রতিপক্ষ হবেন। বরগুনার বেতাগী সংবাদদাতা জানান, আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য বেতাগী থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন সিকদার, সাবেক প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খানের ছেলে পানি ও জলবায়ু বিশেষজ্ঞ মালিক ফিদা আবদুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খ.ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুল চেষ্টা চালাচ্ছেন। এছাড়া মনোনয়ন পাওয়ার জন্য আরো চেষ্টা করছেন বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডেপুটি এ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা জিয়া মাহামুদ জুয়েল, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর বড় ভাই মো. গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমন, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুর রহমান টুকু, উত্তরা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা বেগম, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান ও এমএ হামিদ।