দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তী নেলসন ম্যান্ডেলাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে ১ সেপ্টেম্বর সকালে প্রিটোরিয়া হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।’ খবর এএফপির।
এতে বলা হয়, ‘তার অবস্থা এখনো সংকটাপন্ন এবং কখনো কখনো অস্থিতিশীল।’ কর্মকর্তারা জানান, জোহানেসবার্গে নিজ বাড়িতেই তাকে হাসপাতালের অনুরূপ নিবিড় চিকিত্সা সেবা দেয়া হবে। প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে তাকে আবার হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হলে তা করা হবে। এতে আরো বলা হয়, সামরিক বাহিনীসহ সরকারি ও বেসরকারি খাতের চিকিত্সকদের নিয়ে গঠিত একটি বোর্ড ম্যান্ডেলার চিকিত্সা চালাচ্ছে। ৯৫ বছর বয়সী ম্যান্ডেলা গত ৮ জুন থেকে ফুসফুসে সংক্রমণের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
