মালয়েশিয়ায় গত রবিবার থেকে শুরু হওয়া অবৈধ অভিবাসী বিতাড়িত করার অভিযানে ৩৮৭ বাংলাদেশিসহ মোট ২ হাজার ৪৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সেরি ড. আহমাদ জাহিদ হামিদি গতকাল সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশব্যাপী ৪০টি অভিযানে গতকাল সকাল পর্যন্ত মোট ৮ হাজার ১০৫ জন অভিবাসীকে পাকড়াও করা হয়। পরে ওয়ার্ক পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদের থেকে বেশি সময় অবস্থান করার কারণে ২ হাজার ৪৩৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৭১৭ জন, মিয়ানমারের ৫৫৫ জন ও নেপালের ২২৯ জন নাগরিক রয়েছেন। অন্যরা কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের নাগরিক।
প্রবাসী কল্যাণ মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরার অভিযানে আটকদের আনতে সরকার উদ্যোগ নিচ্ছে। তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে বৈধ হওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু তারা মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসে নিবন্ধন কিংবা পাসপোর্ট নবায়ন করেনি।
