চুলের রং নিয়ে স্কুলের বিরুদ্ধে ছাত্রীর লড়াই!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৫
বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক নিয়ে নানা ধরনের খবর পাওয়া যায়। আর এ নিয়ে আন্দোলনও গড়ে তোলেন অনেকে। কিন্তু এবার পোশাক নয়, চুলের রং নিয়ে লড়াই করে স্কুলের প্রধানের বিরুদ্ধে জয়লাভ করেছে এক ছাত্রী! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তাবারিস হাইস্কুলের ছাত্রী মাবরি অ্যান্ডারসন (১৬)। তার চুলে লাল রং করা এবং মেশিন দিয়ে ফুলানো। তার স্কুলের প্রিন্সিপাল জেনিস বয়েদ তাকে জানান, কৃত্রিম কোনো চুল নিয়ে স্কুলে আসা যাবে না। তার এই চুল স্কুলের নিয়ম-শৃঙ্খলা বহির্ভূত। চুলের রং পরিবর্তন না করা পর্যন্ত তাকে স্কুলে আসতে বারণ করা হয়! আর এ নিয়ে মাবরি আদালতে না গিয়ে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। ফেসবুকে সে ‘টিম মাবরি’ নামে একটি পেজ সৃষ্টি করে এবং প্রিন্সিপালের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। আর এ নিয়ে প্রায় এক হাজারের মতো ফেসবুক ব্যবহারকারী তার সিদ্ধান্তকে সমর্থন জানায়। দুই দিন বাড়িতে কাটানো পর সে স্কুলে যায় এবং প্রিন্সিপাল জানান, মাবরি তার নিজের ইচ্ছামতো চুল রাখতে পারবে এবং ক্লাস করতে পারবে। আর এতেই জয় হয় মাবরি অ্যান্ডারসনের! -ইউপিআই