নয় বাজারে আজ ১৫ মিনিট কার্যক্রম বন্ধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩২
ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে আজ বুধবার ঢাকার ৯টি বাজারের কার্যক্রম ১৫ মিনিটের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্ব স্ব বাজার কর্তৃপক্ষ। দুপুর ১২টা-১২টা ১৫ মিনিট পর্যন্ত বাজার কার্যক্রম বন্ধ রাখা হবে। সেই সাথে খোলা বাজারে ফরমালিন বিক্রি বন্ধ করে এর আমদানি, বিক্রয় ও বিতরণ করার ক্ষমতা কেবলমাত্র সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ মালিবাগ বাজারে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিকী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, টিআইবির চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ। কার্যক্রম বন্ধ থাকা বাজারগুলো হল বাদামতলী বাজার, মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার, কাপ্তান বাজার, গুলশান উত্তর কাঁচাবাজার, শান্তিনগর বাজার, মহাখালী সিটি কর্পোরেশন মার্কেট, আজমপুর-উত্তরা ৬নং সেক্টর বাজার ও হযরত শাহ্ আলী মার্কেট।