সুপার মডেল থেকে প্রিন্সেস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৪
ভাগ্য মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কেউ সহজেই উপরে উঠতে পারে। আবার কেউ সহজেই নীচে নেমে যেতে পারে। জীবনে কার কখন কি ধরনের পরিবর্তন আসবে তা কি কেউ জানতে পারে! তাইতো কিছুদিন আগের যুক্তরাষ্ট্রের সুপার মডেল এখন প্রিন্সেস। যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা মডেল কেন্দ্রা স্পিয়ারস (২৫) গত শনিবার বিলিয়নার এবং শিয়া ইসমাইলি মুসলিম গোত্রের চতুর্থ উত্তরাধিকারী প্রিন্স রহিম আগা খানকে (৪১) বিয়ে করছেন। বিয়ের আগে কেন্দ্রা ইসলাম ধর্ম গ্রহণ করেন। গত এপ্রিলে তাদের দুজনের মধ্যে আংটি বদল হয়। সুইজারল্যান্ডের জেনেভায় চেতিউ দ্য বেলিরিভে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে তাদের পরিবারের সদস্য এবং অতি পরিচিত বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। তার সাদা রংয়ের বিয়ের পোশাকে সোনার সুতায় কাজ করা ছিল। একই রংয়ের পাঞ্জাবি পরেছিলেন প্রিন্স। কেন্দ্রার সাজসজ্জা ছিল সাদামাটা। গত আট বছর ধরে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে ডিগ্রিধারী কেন্দ্রা ২০০৯ সালে সংবাদ শিরোনাম হন। ওই সময় তিনি একটি মডেল সংস্থা পরিবর্তন করেন। ফলে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তিনি জয়ী হন। স্পেনের বার্সেলোনার একটি স্কুল থেকে পাস করে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন প্রিন্স রহিম। প্রিন্সের মা সারাহ ক্রুকার ছিলেন ব্রিটেনের একজন সুপার মডেল। -হাফিংটন পোস্ট