যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে এতদিন পর্যন্ত কেবল সীমিত সামরিক হামলা চালানোর কথা বললেও এখন ওয়াশিংটন থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বারাক ওবামা আসলে সিরিয়ায় আরও ব্যাপক ভিত্তিক সামরিক অভিযানের পরিকল্পনা করছেন। বলা হচ্ছে, ওবামা যখন সোমবার রিপাবলিকান সিনেটরদের সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন, তখন তিনি এই ব্যাপক অভিযানের আভাস দিয়েছেন।
আমেরিকান সেনাবাহিনীর একজন সাবেক উর্ধ্বতন জেনারেল, যিনি রিপাবলিকান সিনেটরদের কাছ থেকে এই বৈঠকের বিস্তারিত জানতে পেরেছেন তিনি বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। জ্যাক কিন নামের আমেরিকান সেনাবাহিনীর সাবেক এই জেনারেল ২০০৩ সালে মার্কিন সেনাবাহিনী থেকে অবসর নেন। কিন্তু তার সাথে জন ম্যাককেইন এবং লিন্ডজি গ্রেমসহ রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
হোয়াইট হাউসে ওবামার সঙ্গে এই দুই রিপাবলিকান সিনেটরের আলোচনার পর তার বিষয়বস্তু সম্পর্কে তারা জেনারেল কিনকে অবহিত করেন। এরপর জেনারেল জ্যাক কিন বিবিসিকে একটি সাক্ষাত্কার দেন। এতে তিনি বলেন, ওবামা রিপবালিকান নেতাদের এই বলে আশ্বস্ত করেছেন যে কংগ্রেসের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালাবে তাতে আসাদের সামরিক বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হবে। ওবামার বক্তব্য সম্পর্কে জেনারেল কিন বলেন তিনি সিরিয়ার বাহিনীকে হঠিয়ে দেবেন এবং দুর্বল করবেন।
সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি সর্বাত্মক হামলা চালাতে যায় তার জন্য ওবামার প্রতি কংগ্রেসের পরিপূর্ণ সমর্থনের প্রয়োজন হবে। আর সে লক্ষ্যেই আগামী সপ্তাহে নির্ধারিত কংগ্রেস ভোটের আগে ওবামা প্রশাসন এখন কংগ্রেস নেতাদের সাথে জোর লবিং করছেন।
ব্রিটেনের ভুল শোধরালো দিল্লি : ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যেসব দেশ সিরিয়ার সরকারি বাহিনী দামেস্কের পাশে রাসায়নিক হামলার জন্য দায়ী বলে মনে করে সেসব দেশের কথা উল্লেখ করতে গিয়ে ভুল করে ভারতের নাম বলেছেন। ডেভিড ক্যামেরন রাসায়নিক হামলার অভিযোগ তুলে গত ২৯ আগস্ট লন্ডনে ব্রিটিশ আইন প্রণেতাদের উদ্দেশে এক বক্তৃতায় ব্রিটেনকে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলায় যোগ দেয়ার আহ্বান জানান। এই বক্তৃতায় ক্যামেরন ভুল করে ভারতের নাম উল্লেখ করেন বলে জানিয়েছে নয়াদিল্লী। নয়াদিল্লীস্থ ব্রিটিশ হাইকমিশনের একজন মুখপাত্র এই ভুলের কথা স্বীকার করে বলেন, জরুরি বিতর্কের জন্য তাড়াহুড়া করে প্রস্তুতি নিতে গিয়ে বেখেয়ালে এটি হয়ে গেছে।
বাশারের সতর্ক বাণী : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সতর্ক বাণী উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় সামরিক হামলা করা হলে তা আঞ্চলিক যুদ্ধ উস্কে দেবে। তিনি পশ্চিমা সংবাদ মাধ্যমের সঙ্গে এক বিরল সাক্ষাত্কারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় পশ্চিমা সামরিক হামলা মধ্যপ্রাচ্যে একটি ব্যাপকতর সংঘাতের সূচনা ঘটাতে পারে। তিনি বলেন, ‘আমরা কেবল সিরিয়ার জবাব নিয়ে কথা বলতে পারি না। যা ঘটতে পারে তা দেখা যাবে প্রথম হামলার পর।’ তিনি বলেন, ‘হামলা শুরু হলে প্রত্যেকেই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারাবে। বিশৃঙ্খলা ও জঙ্গিবাদ বিস্তৃত হবে এবং এতে আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি আছে।’ তিনি বলেন, ফ্রান্সের সামরিক হামলায় অংশ নেয়ার পরিণতি ভেবে দেখা উচিত। এতে নানা প্রতিক্রিয়া হবে এবং তা অবশ্যই ফরাসি স্বার্থের জন্য হবে নেতিবাচক।’
ক্ষেপণাস্ত্র পরীক্ষা :সিরিয়ায় সম্ভাব্য পশ্চিমা সামরিক হামলা নিয়ে টানটান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসরায়েল। আগে থেকে কোনো কিছু না জানিয়ে মঙ্গলবার ইসরায়েল হঠাত্ এ পরীক্ষা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা প্রথম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়ে বলেন, ভূমধ্যসাগরে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। রাশিয়ার রাডারে তা ধরা পড়েছে। খবর বিবিসি, রয়টার্স, এএফপির।
