দেখারও কেউ নেই! শোনারও কেউ নেই!!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২১
ঢাকা মহানগরে বা এর আশপাশের এলাকায় চলাচলকারী বিআরটিসির দ্বিতল বাস চলাচল করে। কিন্তু সেই বাস নির্বিঘ্নে চলাচল করছে কিনা, তাতে যাত্রীসাধারণের সমস্যা হচ্ছে কিনা, যাতায়াতে সমস্যা হচ্ছে কিনা তা দেখার ও শোনার কেউ নেই। অথচ প্রায়শই কোনো কোনো স্থানে যাত্রীরা আহত হচ্ছে, দুর্ভোগ পোহাচ্ছে। দ্বিতল বাসগুলো চলাচলের সময় রাস্তার ওপরের ও পাশের গাছপালার ঢালগুলো অধিকাংশ জায়গায় বাসের গ্লাসে গিয়ে আঘাত করছে। জানালার কাচ ভেঙে পড়ছে। তাতে যাত্রীদের অনেকে আহত হচ্ছেন। এ ব্যাপারে বাস কাউন্টারে বলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। একদিন আমি বাসের দ্বিতীয় তলায় বসা অবস্থায় দেখতে পাই গ্লাসে ফাটল রয়েছে। কিছুদূর আসার পর বাস যখন রাস্তার একেবারে পাশ দিয়ে যাচ্ছে ঠিক তখনি গাছের একটি ভাঙা ডাল ও গ্লাস চাপ লাগে, চাপে গ্লাস ভেঙে বাসের ভেতরে ছিটকে পড়ে। আমি আমার মুখ ও চোখ বাঁচাতে ছুটন্ত গ্লাস ধরে ফেলি। তাতে আমার হাত কেটে যায়। এবং আমার কোলে অফিসের ব্যাগ থাকায় উরু ও নিম্নাঙ্গ রক্ষা পায়। পাশের ব্যক্তির গালে গ্লাসের টুকরো লেগে রক্ত ঝরতে থাকে। এ অবস্থায় মহাখালীর এক ওষুধের দোকানে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেওয়া হলে তাঁর রক্তপড়া বন্ধ হয়। এ ব্যাপারে বিআরটিসি ও ঢাকা সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। মহানগরের ও এর আশপাশের রাস্তার ধারের গাছের ডাল কেটে নির্বিঘ্নে বাস চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ ও ঢাকা সিটি করপোরেশনের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। শাহজাহান আলী মূসা, সমাজকর্ম, মাস্টার্স (ফাইনাল), সরকারি বাঙলা কলেজ, ঢাকা