নয় বাজারে কার্যক্রম বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
এবার ফরমালিন নিয়ন্ত্রণের দাবিতে মাঠে নেমেছেন ব্যবসায়ীরা। মানববন্ধনের পাশাপাশি ১৫ মিনিট বাজার কার্যক্রম বন্ধ করে বুধবার প্রতিবাদ জানিয়েছেন ঢাকার নয়টি ফরমালিনমুক্ত বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাসের পাশাপাশি-এর আমদানি ও নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দিতে হবে। তাহলেই কেবল এর যত্রতত্র ব্যবহার রোধ করা যাবে। মালিবাগ কাঁচাবাজারসহ নয়টি কাঁচাবাজারে গতকাল বেলা ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অংশ নেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনের পর সংক্ষিপ্ত পথসভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও টিআইবির চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল বলেন, ফরমালিন এক ধরনের বিষ। এই ক্ষতিকর দ্রব্য থেকে জনগণকে বাঁচানোর দায়িত্ব রাষ্ট্রের। এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সংস্থার (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও স্থানীয় ব্যবসায়ী নেতারা।