পাঁচ বয়সে হয়তো বাচ্চারা ছোট রিক্সা কিংবা বাইসাইকেল কিনে দেয়ার জন্য বাবা-চাচার কাছে আবদার করে। আর তা দিলেই বেজায় খুশি বাচ্চারা। কিন্তু চীনের এই বয়সেরই এক ছেলে বিমান চালিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন! কারণ বাবার স্বপ্ন ছিল ছেলেকে পাইলট বানানো।
হে ইদেই নামের এই বাচ্চাটি গত শনিবার রাজধানী বেইজিংয়ের ওয়াইল্ডলাইফ পার্কে অপেক্ষাকৃত একটি ছোট বিমান ৩৫ মিনিট ধরে চালিয়ে নিরাপদে অবতরণ করে। ইদেইকে বিমান চালনা প্রশিক্ষণ দানকারী এভিয়েশন ক্লাবের প্রধান নির্বাহী ঝাং যোংগুই জানান, বিমান উড্ডয়ন ও অবতরণ কেন্দ্রের মধ্যে দূরত্ব ছিল ৩০ কিলোমিটার। ইদেই’র বাবা হে লিয়েশেং বলেন, তার ইচ্ছা ছিল ছেলেকে পাইলট বানানো। এজন্য যথাসাধ্য চেষ্টাও করেছেন। গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করা এই বাচ্চার কীর্তি কেবল এখানেই শেষ নয়। গত বছর নিউইয়র্কে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবাই যখন গরম পোশাক পরেছিল তখন সে খালি গায়ে বরফের ওপর দিয়ে দীর্ঘ সময় ধরে দৌড়েছিল। আর এই ছবি তখন সারা বিশ্বের নজর কেড়েছিল। এছাড়া একটি আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়ারও রেকর্ড আছে তার। - এনডিটিভি
