বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ জানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তারা জিতবে না। তাই এক তরফাভাবে সংবিধান সংশোধন করে নিজেদের অধীনে নির্বাচন করতে চায়। যতই চেষ্টা করেন না কেন চেষ্টা সফল হবে না, হতে দেয়া হবে না।
তিনি গতকাল বুধবার সকালে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ফোরকানিয়া মাদ্রাসা মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা অপহরণ, হত্যা, টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে ব্যস্ত। অথচ বলা হচ্ছে এরা আওয়ামী লীগের কেউ নয়। দেশের মানুষ এই সরকারের পরিবর্তন চায়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আবদুল হাই সেলিম। বক্তব্য রাখেন, নুরুল আলম সিকদার, কামাল উদ্দিন চৌধুরী, জহির উদ্দিন সেলিম, মফিজ উদ্দিন (তুর্কি) প্রমুখ।
