আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুকে কে না চেনে! ৪ বার অস্কার জিতে এবার বিচারকদের সভাপতি (প্রধান) হিসেবে নতুন দায়িত্ব শুরু হলো তাঁর। তাঁর দলে যেমন ২১ বছর বয়সী এল ফ্যানিং আছেন তেমনি আছেন কয়েকজন দক্ষ চলচ্চিত্রবোদ্ধাও। তবে ইনারিতু আর ফ্যানিং-এর সম্পর্কটা টিমের অন্যদের চেয়ে আলাদা। সেটা কানের লালগালিচায় জানাতে ভুললেন না ফ্যানিং। তিনি বলেন, ‘আমার গুরু তিনি। বন্ধুও! তাঁর সঙ্গে এমন একটি জায়গায় কাজ করা বেশ আনন্দের, রোমাঞ্চের।’
ইনারিতুর হাত ধরেই কান উত্সবের সঙ্গে এল ফ্যানিংয়ের সম্পৃক্ততা ছোটবেলা থেকে। ২০০৬ সালে কানের প্রতিযোগিতায় থাকা ‘বাবেল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এল ফ্যানিং। তখন তাঁর বয়স ছিল মাত্র ৮ বছর। সবচেয়ে মজার বিষয় তাঁরা দু’জনই এবার প্রথমবারের মতো বিচারকের ভূমিকায়।
অন্যদিকে কানে বিচারকের ভূমিকা নিয়ে ইনারিতুর উত্তর, ‘আগে কখনো কোনো উত্সবের বিচারকদের সভাপতি ছিলাম না। জানি না কীভাবে কাজটা করবো। সেই উত্তর আপাতত নেই। তবে জুরিদের সভাপতি হওয়ার মতো অসাধারণ সম্মান পেয়ে আমি ধন্য ও রোমাঞ্চিত।’
