জেলার শ্রীবরদীতে গত বুধবার রাতে গুলি করে ভজ গোপাল মোদক (৩৪) নামে এক তরুণ ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার ঝগড়ার চর বাজারে মোদক পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করতে জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির বারান্দায় বসা অবস্থায় ভজ গোপাল মোদককে (৩২) গত বুধবার রাতে ৭-৮ জন মুখোশধারী সন্ত্রাসী পরিবারে অন্যান্য সদস্যের সামনে এলোপাথাড়িভাবে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী স্মৃতি রানী মোদক ও ভাই বিপথ বলেন, মুখোশধারীদের একজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। তিনি এলাকার পোনেন্দু ভোষণ মাস্টারের ছেলে পাপন (২২)। তাদের সাথে প্রায় দেড় বছর ধরে জমি নিয়ে আমাদের বিরোধ চলছে। ঘটনার পর পাপন আত্মগোপন করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, পাপনের মা সাবিত্রী রানী মোদক ও বোন তাপসী রানী মোদক এবং সুনিলের ছেলে রতন মোদককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রতনকে আটক করা হয়।
