মুক্তিযুদ্ধে শহীদ আজমল হক ও নজির হোসেন খান চৌধুরী টুটুল স্মরণে সাতক্ষীরার ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এক সভা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সংগঠনের সভাপতি পল্টুু বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন—অধ্যক্ষ আইয়ুব আলী, অধ্যাপক মো. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা রফিক আহমদ, আজিজননেসা চৌধুরী, মাসুদা খাতুন, অমল কুমার সমজদার, অধ্যাপক আব্দুল হামিদ, পূর্ণাশা সম্পাদক আবু সালেক, আবু নাসিম ময়না, আবু আফফান রোজ বাবু প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, দেশ ও মানুষের সার্বিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন আজমল-টুটুল। ১৯৭১ সালের ২০ জুলাই কাটিয়াস্থ টুটুলের বাড়ি থেকে তাদের ধরে নিয়ে যায় রাজাকার ও পাক হানাদার বাহিনীর সদস্যরা। তাদের যশোর ক্যান্টনমেন্টে বন্দী রাখা হয়। এরপর আগস্টের শেষের দিকে তাদের হত্যা করা হয় বলে জানা যায়। অনুষ্ঠানে শহীদদের জীবনবৃত্তান্ত পাঠ করেন দিলরুবা ও করবী। শহীদদের উদ্দেশ্যে ঈক্ষণের আবৃত্তি দল, অরুনাংশ মৈত্র, বিপ্লব বিশ্বাস, আল মাস সরকার, দিলরুবা রোজ, কাজী মাসুদুল হক, করবী ও পল্টু বাসার কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঈক্ষণের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক।
