আত্মঘাতী হামলা থেকে বেঁচে গেলেন মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
গাড়ি বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী কায়রোতে ইব্রাহিমকে হত্যার উদ্দেশ্যে ওই গাড়ি বোমা হামলা চালানো হয়। নাসের সিটিতে অবস্থিত মন্ত্রীর বাড়ির সামনে এই হামলা হয়। নাসের সিটি মুসলিম ব্রাদারহুদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। খবর বিবিসি ও রয়টার্সের। হামলার কয়েক ঘন্টা পর সরকারি টেলিভিশনে এক ভাষণে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেন মোহাম্মদ ইব্রাহিম। হামলায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে বলে জানা গেছে। তবে নিহতের সঠিক সংখ্যা উল্লেখ করেনি কোনো গণমাধ্যম। মিসরের নিরাপত্তা সূত্র জানায়, দুইজন হামলাকারীকে তারা হত্যা করতে সক্ষম হয়েছেন।