ধোবাউড়ায় আবারো বিজিবি মোতায়েন ৪ দিন পর মামলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৩
ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম হত্যার চার দিন পর মামলা হয়েছে। হত্যার ঘটনায় আওয়ামী লীগ বৃহস্পতিবার শোক মিছিল, শোক সভা ও মিলাদ মাহফিল করেছে। কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোন গোলযোগ সৃষ্টি না হয় সে জন্য বৃহস্পতিবার আবারো বিজিবি মোতায়েন করা হয়েছে। শোক সভায় সমাজ কল্যাণ প্রতিমিন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান আকন্দসহ দলীয় নেতা-কর্মী ও চেয়ারম্যানের অনুসারীরা অংশ নেন। শোক মিছিলের নেতৃত্ব দেন নিহতের মা সমলা খাতুন ও স্ত্রী সুলতানা রাজিয়া শিল্পী। সমাজ কল্যাণ প্রতিমিন্ত্রী এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন জানিয়েছেন, অধিকতর সর্তকতার জন্য পুলিশের পাশাপাশি আজ আবারো ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ধোবাউড়া থানার ওসি আব্দুল হক জানান, বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের স্ত্রী ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০ জনসহ ৯৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।