পিলখানায় বিজিবি সদর দফতরে এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, পৃথক ঘটনায় রাজধানীর বিভিন্নস্থানে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
নিউমার্কেট থানা পুলিশ ও ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, গতকাল সকালে নিউমার্কেট থানা পুলিশ পিলখানার বিজিবি সদর দফতরের হাসপাতাল থেকে গৃহকর্মী রীমা আক্তারে (১৫) লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় লে. কর্নেল ডা. রওনক আজাদ এ্যানির স্বামী মেজর (অব.) সাইদ হাসান তাপস নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়, রীমা গত তিন মাস ধরে পিলখানাস্থ তরঙ্গ অফিসার্স কোয়ার্টারে ১৫/জি-১ নম্বরে লে. কর্নেল ডা. রওনক আজাদ এ্যানির বাসায় কাজ করছিলেন। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় রীমা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে পিলখানাস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার এসআই আক্তারুজ্জামান জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে মৃতের মাথায় ব্যান্ডেজ ও মুখে রক্ত জমাটের তথ্য উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে। রীমার পিতার নাম আজর আলী। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার বিদ্যানপাড়া গ্রামে। এদিকে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি কমপ্লেক্স সংলগ্ন ফ্লাইং ক্লাবের বাগান থেকে অজ্ঞাত (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের পরণে সাদা-নীল রঙ্গের চেক লুঙ্গি ও জলপাই রঙ্গের পাঞ্জাবী ছিল। বিমানবন্দর থানার এসআই তারেকুজ্জামান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন সময়ে ঐ বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।
গতকাল বিকালে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর বিজিবি মার্কেটের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এমদাদুল হক নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। পুলিশ জানায়, নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
গতকাল খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার জনৈক গোলাম মাওলার বাড়িতে কাঠের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান মুলু বাড়ৈই নামে এক কাঠ মিস্ত্রি। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের বাড়ি মাদারীপুর জেলার সদর থানার চৌরাশি গ্রামে। পিতার নাম-মৃত সারদ বাড়ৈই। তিনি খিলগাঁও থানাধীন নবীনবাগে ২৬৪/এ নম্বর কাঠের দোকানের কাঠ মিস্ত্রি ছিলেন।
