কুমিল্লা মেডিক্যাল কলেজে (কুমেক) সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় গত ৩ সেপ্টেম্বর কলেজে বহিরাগতদের তাণ্ডব, দরজা-জানালা ভাংচুরসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগের বিষয়টিও কুমেকের সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমেক সূত্রে জানা যায়, অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কলেজে হামলার সাথে কলেজের কোন শিক্ষার্থীরা জড়িত কি-না এবং সেখানে চিকিত্সার নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গতকাল তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে বলে জানা গেছে।
সভায় কুমেকের সকল বিভাগীয় প্রধান, হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল, উপাধ্যক্ষ ডা. কে.এ মান্নান, কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি ডা. মহসিনুজ্জামান চৌধুরী, জেলা বিএমএ’র সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।
