নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে অবৈধভাবে বালু ব্যবসা করে নদী ভরাটের অভিযোগ ৯ বালু ব্যবসায়ীকে আটকের পরে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, শাহাদাত্ হোসেন প্রমুখ।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির জানান, কাঁচপুর সেতুর নিচে অবৈধভাবে বালু ব্যবসা উচ্ছেদে সোমবার থেকে অভিযান শুরু হয়। ওই সময়ে কেউ এসব বালুর মালিকানা স্বীকার করেনি। গত ৪ দিনে সাড়ে ১১ লাখ ঘনফুট বালু অপসারণ করা হয়েছে।
