বিদ্যুত্ বই সার এবং শান্তি চাইলে আবারো আওয়ামী লীগকে ভোট দিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
নিরবচ্ছিন্ন বিদ্যুত্, বিনামূল্যে বই, কমমূল্যে সার আর শান্তি এবং উন্নতি চাইলে আবারও নৌকায় ভোট দিন এই আহবান জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া শুধু মুখে বলেন অথচ ওয়াদা রক্ষা করেন না। তিনি মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছেন। বঙ্গবন্ধু ৪২ হাজার আর তার মেয়ে শেখ হাসিনা আরও ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে মানুষ শান্তিতে থাকবে। মতিয়া চৌধুরী বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বর্তমান সরকার ৩ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত্ উত্পাদন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া শত চেষ্টা করেও ১ মেগাওয়াট বিদ্যুত্ দিতে পারেননি। জামায়াত দেশে অন্তর্ঘাতমূলক কাজ করছে মন্তব্য করে তাদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হক, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ আকতারুজ্জামান, বিএম মোজাম্মেল হক এমপি, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, অসিত বরন বিশ্বাস, এসএম কামাল হোসেন প্রমুখ।