জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যমুনা ফিউচার পার্কের লেভেল ফাইভে ব্লক বাস্টার সিনেমা, ফুডকোর্ট, বোলিং ক্লাব, চিলড্রেন রাইডস ও আউটডোর রাইডস নিয়ে গঠিত বিনোদন বিভাগ উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফিউচার পার্কের ষষ্ঠ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।
উপস্থিত অতিথিরা বলেছেন, জাতীয় উন্নয়নের ধারায় নতুন মাত্রা যোগ করেছে যমুনা ফিউচার পার্ক। এটা হবে বাংলাদেশের মাটিতে এক টুকরো আধুনিক বিশ্ব।
যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় যমুনা ফিউচার পার্ক আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগে বিদেশিদের কাছে বাংলাদেশের পরিচিতি ছিল বন্যা, জলোচ্ছ্বাস ও অভাবের দেশ হিসাবে। আর এখন থেকে আধুনিক প্রযুক্তিতে নির্মিত যমুনা ফিউচার পার্কও বাংলাদেশের পরিচিতিতে নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১টায় সবার জন্য উন্মুক্ত করা হয় রাজধানীর বারিধারা সংলগ্ন কুড়িলে অবস্থিত ফিউচার পার্কের বিনোদন বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, সাবেক বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) নুরুদ্দীন আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি সাবেক মন্ত্রী আসম আব্দুর রব, আওয়ামী লীগ নেতা ও সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি এবং নায়ক রাজ রাজ্জাক।
