১৯৯২ সালে আর্ন্তজাতিক ক্রিকেটে ফেরার পর প্রথম বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলো তারা ভূতুড়ে বৃষ্টি আইনে। এরপর প্রতিটা বিশ্বকাপেই ফেবারিটদের মধ্যে ছিলো দক্ষিণ আফ্রিকা; কিন্তু বিশ্বকাপটাই আর জেতা হয়নি। অনেকেই বড় আসর জিততে না পারায় তাদের গায়ে তকমা লাগিয়ে দিয়েছেন—চোকার্স; কিন্তু এই দুষ্ট চক্র থেকে মুক্তি চায় দক্ষিণ আফ্রিকা। দলটির অভিজ্ঞতম খেলোয়াড় ও ফাস্ট বোলার ডেল স্টেইন বলেছেন, তারা বিশ্বকাপের জন্য সেরাটা জমিয়ে রেখেছেন। আর এবারই তারা বিশ্বকাপটা জিতে ফিরতে চান। তিনি বলেছেন, ‘ঘটনাচক্রে আমরা বিশ্বকাপ জিততে পারিনি কখনো। ১৯৯২ সালে আমরা হাস্যকর বৃষ্টি আইনে বাদ পড়েছিলাম। এরপর ভালো খেলেও টুর্নামেন্টটা জিততে পারিনি। এবার সবাই ট্রফিটা জেতার জন্য মুখিয়ে আছে। সবাই খুব ভালো ছন্দে আছে।’
