কী করে এলো

হরিষে বিষাদ!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
সন্তান হয়তো খুব বায়না ধরেছে খেলনা হেলিকপ্টারের জন্য। তার আবদার মেটাতে আপনিও হয়তো কিনে দিলেন মাটি থেকে আকাশে ডানা মেলা মজার এই খেলনাটি। কিন্তু সন্তান যখন আশ্চর্য এই খেলনাটি নিয়ে খেলার আনন্দে বাইরে চলে গেল তখন আপনি কি নিশ্চিন্ত মনেই ছেড়ে দিচ্ছেন তাকে? সম্প্রতি এ ধরনের এক খেলনা হেলিকপ্টারের আঘাতে নিউইয়র্কের এক তরুণের মৃত্যুর পর এখন কিন্তু সময় এসেছে এ ধরনের খেলনা নিয়ে সতর্ক হওয়ার। বিশেষ করে অভিভাবকদের কোনো ধরনের তত্ত্বাবধান ছাড়াই যেসব শিশু বা কিশোর এ ধরনের খেলনা নিয়ে খেলেন তাদেরকে সতর্ক করে দেওয়ার সময়ও বোধকরি এসে গেছে। ঘটনার বিবরণে জানা যায়, গেল বৃহস্পতিবার অন্য অনেকের মতোই নিউইয়র্ক শহরের একটি পার্কে নিজের খেলনা হেলিকপ্টারটি নিয়ে গিয়েছিলেন ১৯ বছর বয়সী রোমান পিরোজেক। এমনিতেই এ ধরনের খেলনা ফ্লাইং অবজেক্ট নিয়ে বাড়তি উত্সাহ ছিল পিরোজেকের। নানা সময়ে নতুন নতুন উড়াল খেলনা নিয়েও সময় কাটাতে ভালোবাসতেন পিরোজেক। এমনকি এগুলো নিয়ে ইউটিউব ও ফেসবুকে তার অসংখ্য ভিডিও আর ছবিও ছিল। তবে শেষ পর্যন্ত এই ‘ফ্লাইং টয়’-ই যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা বোধকরি ঘুণাক্ষরেও ভাবেননি পিরোজেক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন একটি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার নিয়ে খেলার সময় সেটি হঠাত্ করেই নিয়ন্ত্রণ হারিয়ে তার মাথায় আঘাত হানে। এ সময় সাথে সাথেই তার মাথার উপরিভাগ কেটে যায় এবং তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু ঘটে তার।